1. pratidinbangladesh007@gmail.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
  2. info@www.doynikpratidinbangladesh.com : দৈনিক প্রতিদিন বাংলাদেশ : দৈনিক প্রতিদিন বাংলাদেশ
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন :
🖋️ দৈনিক প্রতিদিন বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে দেশজুড়ে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে দৈনিক প্রতিদিন বাংলাদেশ। সাংবাদিকতায় আগ্রহী, দায়িত্বশীল ও সংবাদ সংগ্রহে দক্ষ প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে। ✅ জেলা / উপজেলা প্রতিনিধি ✅ ক্যাম্পাস প্রতিনিধি ✅ অনলাইন নিউজ রিপোর্টার

তীব্র হচ্ছে কোটাবিরোধী আন্দোলন

Reporter Name
  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র বহালের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গতকালও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। পরে বিকাল ৫টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হন আন্দোলনকারীরা। পরে মিছিল নিয়ে মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, উপাচার্যের বাসভবন, রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, হাই কোর্ট মোড় ঘুরে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার আপিল বিভাগের যে শুনানি রয়েছে, তা যেন শিক্ষার্থীদের পক্ষে আসে। কাল বেলা ১১টায় আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হব।

শিক্ষার্থী সারজিস আলম বলেন, যে কোটা প্রথা পুনরায় চালু করা হয়েছে, তার মাধ্যমে ছাত্র সমাজের হৃৎপি- বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে না, আমরা বৈষম্যের বিপক্ষে। আপিল বিভাগের শুনানি চলা পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে অপেক্ষা করব। এরপর যা করা দরকার, তাই করব। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের দাবি জানান। জাবি প্রতিনিধি জানান, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশ বাতিলের দাবিতে গতকাল বিকালে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এর আগে দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ঘুরে ডেইরি গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় সাভারের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে অবরোধ চলাকালে শিক্ষার্থীরা রোগীবাহী অ্যাম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবারও বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে বলে ঘোষণা দেন। এদিকে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জাবির প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, কোটা বাতিলের দাবিতে গতকাল দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এক ঘণ্টার অবরোধে দুই দিকে প্রায় ৭ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। দাবি না মানলে আজ আবারও সড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে সকালে চবির শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে পদযাত্রা নিয়ে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন প্রায় ৪০০ শিক্ষার্থী।
জবি প্রতিনিধি জানান, সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল, ছাত্র সমাবেশ ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি বাংলাবাজার, ভিক্টোরিয়া পার্ক ও রায় সাহেব বাজার হয়ে তাঁতীবাজার মোড় অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews