সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে। ১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে। এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট।
রবিবার রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত তিনটি জাতীয় নির্বাচনে ভোট নিয়ে নাটক হয়েছে এবং মানুষ ভোট দিতে পারেনি মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘এবার দেশের মানুষ ভোট দেবে। নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ’
বিগত আওয়ামী সরকারের উন্নয়ন দর্শনের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
এই দীর্ঘ সময়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ’
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘শুধু ভোট দিলেই হবে না সঠিক মানুষকে ভোট দিতে হবে। কারা মানুষের পাশে থাকে এবং কাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সেটি বিবেচনা করতে হবে। এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা শুধু বিএনপিরই আছে।